মোহাম্মদপুরে স্টোভ বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০১৪, ২২:১১
রাজধানীর মোহাম্মদপুরে রান্নার স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে রোজী বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার রাতে দগ্ধ হওয়ার পর গতকাল সোমবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া কাফরুলের দক্ষিণ ইব্রাহিমপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের প?াঁচজন দগ্ধ হয়েছেন। অন্যদিকে পুরানো ঢাকার এক জুতার কারখানায় অগ্নিদগ্ধ হয়েছেন তিনজন। নিহত গৃহবধূর ভাই সেলিম জানান, মোহাম্মদপুরের জি-ব্লকের জেনেভা ক্যাম্পে স্বামী সোহেল রানা ও সন্তানদের নিয়ে থাকতেন রোজী বেগম (২৫)। রবিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি খাবার গরম করার জন্য স্টোভ জ্বালান। কিছুক্ষণ পরই কেরোসিনের স্টোভ বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে গেলে দ্গ্ধ হন রোজি। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর গতকাল ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত রোজির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এদিকে কাফরুলের দক্ষিণ ইব্রাহিমপুরের বাতানবাড়ি এলাকায় একটি টিনশেড বাসায় আগুন লেগে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। রবিবার গভীর রাতে ঘরের সিলিং ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আহতরা হলো বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী জয়নাল আবেদীন (৪২), তার স্ত্রী পিয়ারা বেগম (৩৫), ছেলে রবিউল (১২) ও রাব্বী (৯) এবং পিয়ারার ভাইয়ের মেয়ে খাদিজা (১৭)। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। এদের মধ্যে জয়নালের অবস্থা আশংকাজনক। তার শরীরের ৫৫ ভাগ পুড়ে গেছে। রবিবার গভীর রাতে পুরানো ঢাকার কায়েত্টুলীতে একটি জুতার কারখানায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। এতে কারখানার মালিক সাত্তার, কর্মচারী সাইদুল ও ফারুক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।