গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত মুষলধারায় টানা বৃষ্টি হয় রাঙ্গামাটি পার্বত্য জেলায়। অবিরাম বৃষ্টির পানি পাহাড় পর্বত ও নালা-নর্দমা গড়িয়ে গিয়ে পড়ে কাপ্তাই লেকে। চারদিনের বৃষ্টিতে কাপ্তাই লেকে ১০ ফুটের বেশি পানি কাপ্তাই লেকে জমা হয়। লেকে পানি বৃদ্ধির সাথে সাথে কাপ্তাই বিদ্যুত্ কেন্দ্রে বিদ্যুত্ উত্পাদনও বেড়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আবদুর রহমান কাপ্তাই লেকে পানি বৃদ্ধির কথা স্বীকার করেন। তিনি বলেন, বৃষ্টি শুরুর আগে কাপ্তাই লেকে পানির পরিমাপ ছিল ৭১.০২ ফুট এমএসএল। রুলকার্ভ অনুযায়ী তখন লেকে পানি থাকার কথা ৮০ ফুট এমএসএল। প্রয়োজনের তুলনায় প্রায় ৯ ফুট পানি কম থাকায় বিদ্যুত্ উত্পাদন সঙ্কটের মুখে পড়ে। তখন বিদ্যুত্ উত্পাদনও ছিল সীমিত পর্যায়ে। ৫টি জেনারেটর সচল থাকা সত্ত্বেও পানি কম থাকায় ২টির অধিক জেনারেটর চালানো সম্ভব হয়নি।
কর্ণফুলী পানি বিদ্যুত্ কেন্দ্রের একটি সূত্র জানায়, গত ১৯ জুন লেকে পানির স্তর নেমে আসে ৭০ ফুট এমএসএল-এ। আর মাত্র ৪ ফুট পানি কমলে অর্থাত্ পানি ৬৬ ফুট এমএসএল হলে বিদ্যুত্ উত্পাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। কিন্তু গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকের চেহারা পাল্টে যায়। বিদ্যুত্ উত্পাদনের জন্য ৪টি জেনারেটর এখন সচল রয়েছে। গতকাল ১৮০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয়েছে বলেও সূত্র জানায়।
