নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট : ২৩ জুন ২০১৪, ২২:১২
চট্টগ্রামে পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে গতকাল সোমবার ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৪/এ এবং মিডশিপম্যান ২০১২/বি ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৪/এ ব্যাচের ১৪ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার এবং ২০১২/বি ব্যাচের ৩৯ জন মিডশিপম্যানসহ সর্বমোট ৫৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে ৭ জন প্যালেস্টাইন মিডশিপম্যান রয়েছেন। ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৪/এ ব্যাচ হতে ইন্সট্রাক্টর অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. ইমরান হোসেন, বিএন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসাবে ‘নৌ প্রধান পদক’ লাভ করেন। অন্যদিকে ২০১২/বি ব্যাচের মিডশিপম্যান এ টি এম ওয়ালি মেহফুজ, বিএন সেরা চৌকস মিডশিপম্যান হওয়ার গৌরব অর্জন করে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়া পেশাগত ও শিক্ষাগত বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী হিসাবে মিডশিপম্যান মো. জিনাত রায়হান, বিএন ‘ওসমানী স্বর্ণপদক’ এবং মিডশিপম্যান জামিউল হুদা জেসন, বিএন ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন। কুচকাওয়াজে নৌ সদর দপ্তরের পিএসও, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম অঞ্চলের সেনা ও বিমান বাহিনীর আঞ্চলিক অধিনায়করা উপস্থিত ছিলেন। —আইএসপিআর