দিনাজপুরে যুবলীগ নেতা খুন

আপডেট : ২৩ জুন ২০১৪, ২২:১২
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিলনকে (৩২) শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, গত রবিবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিলন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সোমবার সকালে খট্টা মাধবপুর বাজারের পুকুরের পাশে যুবলীগ নেতা মিলনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত মিলন বাঘাতিপাড়ার মোকসেদ আলীর পুত্র। হত্যার কারণ জানা যায়নি। পুলিশ জানায়, যুব নেতা মিলনকে শ্বাসরুদ্ধ করে কে বা কারা হত্যা করে। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর লাশ গতকাল সোমবার দুপুরে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাকিমপুর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।