রায়ে সন্তুষ্ট ছায়ানট

আপডেট : ২৩ জুন ২০১৪, ২২:২৬
রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে ছায়ানট। গতকাল সোমবার ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের সভাপতি সনজীদা খাতুন বলেন, কি রায় হল, তা বড় ব্যাপার নয়। দীর্ঘকাল পরে যে একটি রায় হল, তাতে আমরা সন্তুষ্ট। এ রায়ে বিচার প্রক্রিয়া আইনের পথে চলল। তিনি বলেন, এ ঘটনাটি ঘটার পর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কারা এটি ঘটাতে পারে। আমরা কারো নাম বলিনি, কারণ তদন্ত করবে পুলিশ, বিচার করবে আদালত। তারা যা সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে নেব। সনজীদা খাতুন বলেন, যে ঘটনা ঘটেছিল, তাতে দুঃখ পেয়েছিলাম। ঘটনাটি কেবল ছায়ানটের ওপর বা কোনো ব্যক্তির ওপর আঘাত নয়, সেটি ছিল বাঙালি সংস্কৃতির ওপর আঘাত। যারা মারা গিয়েছিল, তাদের জন্য আমাদের হূদয় শোকার্ত হয়েছিল। তবে ভয় পাইনি। আমাদের শিশুরা বলেছিল প্রতিবছর আমরা পহেলা বৈশাখ পালন করব। এটা আমাদের সাহস যুগিয়েছে।