বিএনপির হুমকি যেন আষাঢ়ের তর্জন গর্জন :যোগাযোগমন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০১৪, ২২:২৮
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হুমকি আষাঢ়ের তর্জন গর্জনের মতই। মরা গাঙ্গে যেমন জোয়ার আসে না তেমনি বিএনপির হুমকির আন্দোলন কোন কাজ হবে না। তিনি সোমবার সকালে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ ীয় আওয়ামী লীগের পক্ষে সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রী বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর নির্মাণাধীন টুঙ্গিপাড়ার পাটগাতী সেতু পরিদর্শন করেন। এসময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, যুগ্ম সম্পাদক মাহবুব আলী খানসহ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগাযোগ মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে আরো বলেন, দল যেন সরকারের মধ্যে হারিয়ে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিগত ’৯৬ সালে এমনটি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।