শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় খাদ্যে বিষক্রিয়ায় ৫০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। নরসিংহপুর এলাকার নিউ এইজ অ্যাপারেলস কারখানায় গত রবিবার রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিউ এইজ অ্যাপারেলস কারখানার শ্রমিকদের গত রবিবার রাত ৯টার দিকে রাতের শিফটে কাজ করার সময় টিফিন হিসেবে কারখানা থেকে রুটি, কলা ও কেক দেয়া হয়। শ্রমিকরা সেগুলো খাওয়ার পর থেকেই তাদের মাথা ও পেটব্যথা শুরু হয়। পরে তারা বমি করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে অসুস্থের সংখ্যা বাড়তে থাকলে তাদের আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।
নারী ও শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, অসুস্থদেরকে স্যালাইন ও ইনজেকশনসহ যাবতীয় ঔষধ দেয়া হয়েছে। নিউ এইজ অ্যাপারেলসের প্রশাসনিক কর্মকর্তা জুয়েল আহাম্মেদ জানান, শ্রমিকরা টিফিন খেয়ে অসুস্থ হওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তবে এ ঘটনায় কারখানা প্রশাসনের পক্ষ থেকে অসুস্থ শ্রমিকদের চিকিত্সার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজিবুর রহমান।
