গার্মেন্টসের কর্মপরিবেশ উন্নয়নে সহযোগিতা জোরদার করবে নরওয়ে

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:২৬

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে গার্মেন্টস খাতের কর্মপরিবেশ উন্নয়নে দীর্ঘদিন ধরেই সহযোগিতা করে আসছে ইউরোপের দেশ নরওয়ে। দেশটি বাংলাদেশের রপ্তানির একটি বড় গন্তব্যও। গতকাল মঙ্গলবার ঢাকায় দেশটির রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাত্ করে গার্মেন্টস খাতের কর্মপরিবেশের উন্নয়নে তার দেশের সহযোগিতা জোরদার হবে বলে জানিয়েছেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় উঠে আসে।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে গার্মেন্টস খাতের সংস্কার কাজ তদারকির উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত হওয়া সংস্কার সমন্বয় সেল বা আরসিসির অগ্রগতি নিয়ে কথা বলেন। এছাড়া শ্রম অধিকার প্রতিষ্ঠার কার্যক্রমকে আরো সহজ করতে ট্রেড ইউনিয়ন গঠনসহ বিভিন্ন শর্ত শিথিল করার বিষয়টি তুলে ধরেন।