ট্রেড ইউনিয়নের বাধা দূর করতে হবে

আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:৫৭
আইএলও’র সেমিনারে বক্তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য স্বাধীন ট্রেড ইউনিয়নের অধিকারের ক্ষেত্রে বিদ্যমান শ্রম আইনকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন এই অঞ্চলের শ্রমিক অধিকার সংগঠনের নেতারা। অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের সম্পৃক্ততা বাড়াতে স্বাধীন ট্রেড ইউনিয়নের সুযোগ করে দিতে হবে। এ জন্য ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে বিদ্যমান বাধা অপসারণ করতে হবে বলে মত দেন তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী শ্রমিক সংঘের অধিকার বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ব্যুরো অব ওয়ার্কার্স অ্যাক্টিভিটিজ (এসিটিআরএভি) এ সেমিনারের আয়োজন করে। এসিটিআরএভি’র পরিচালক মারিয়া হেলেনা মনে করেন, ট্রেড ইউনিয়নের মাধ্যমে মালিকপক্ষ ও সরকারের সঙ্গে সংলাপ তথা দরাদরির মাধ্যমে আয়ের সঠিক বন্টন সম্ভব। যার ফলে বৈষম্য কমার পাশাপাশি আয় বৃদ্ধির ফলে দারিদ্র্য কমিয়ে আনা সম্ভব। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রিনিবাস বি রেড্ডি, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিনিধি মহেন্দ্র শর্মা, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সাবরিনা ইসলাম, ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের চেয়ারপার্সন জাফরুল হাসান প্রমুখ। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের প্রায় ৪০ জন ট্রেড ইউনিয়ন নেতা এ সেমিনারে অংশ নিয়েছেন।