নাটোর সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:০৩
নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে অনার্স পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কলেজের অফিস সূত্রে জানান যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। আগামী ২৪ জুন পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলবে। শুরু হয়েছে ৮ জুন থেকে। কলেজের অধ্যক্ষ ৮ জুন স্মারকবিহীন এক পত্রে পরীক্ষা ফি ১২শ’ টাকাসহ কেন্দ্র ফি ৩৫০ টাকা, ব্যবহারিক কেন্দ্র ফি ১২০ টাকা, ইনকোর্স পরীক্ষা ফি ১০০ টাকা ও ইনকোর্স পরীক্ষা ফি (কলেজের অংশ) ২০০ টাকা করে আদায়ের নির্দেশনা দেন। পত্রটি নোটিস বা কোথায় পাঠানো হয়েছে, তার উল্লেখ নেই। কিন্তু কতিপয় পরীক্ষার্থী নোটিসে উল্লেখিত ইনকোর্স পরীক্ষা ফি-এর (কলেজের অংশ) ২০০ টাকা প্রদানে আপত্তি জানায়। তাদের অভিযোগ, এই টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। বিষয়টি অবহিত হয়ে অধ্যক্ষ ইনকোর্স পরীক্ষা ফি (কলেজের অংশ) ২০০ টাকা বাদ দিয়ে ১১ জুন অনুরূপ একটি চিঠিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, নাটোর কলেজে ১৩টি অনার্স বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা তিন সহস্রাধিক। ছাত্রদের অভিযোগ, এর আগেও এই কলেজে বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ মাহফুজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ইনকোর্স পরীক্ষা ফি (কলেজের অংশ) ২০০ টাকা বাদ দেয়া হয়েছে।