পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের দেশত্যাগে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে দেশটির উচ্চ আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ অন্যান্য মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট। মঙ্গলবার এক রায়ে এ আদেশ দেয় দেশটির এ উচ্চ আদালত। খবর টাইমস অব ইন্ডিয়া।
১৫ দিনের মধ্যে যদি সুপ্রিমকোর্ট এ রায়ের বিরুদ্ধে কোন আপত্তি না জানায়, তবে মোশাররফ দেশ ছাড়তে পারবেন বলে গত ১২ জুন সিন্ধু হাইকোর্ট তার পক্ষে রায় দেয়। এ ঘটনায় সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) তার নাম রেখে দেয়ার জন্য উচ্চ আদালতে আর্জি জানায়। এতে মঙ্গলবার বিচারক নাসিরুল মুলকের সভাপতিত্বে গঠিত পাঁচ সদস্যের একটি বেঞ্চ সরকারের এ আবেদন আমলে নিয়ে তার পক্ষে দেয়া হাইকোর্টের রুল বাতিল করে দেয়। আদালত জানায়, তার বিরুদ্ধে করা সকল মামলার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি দেশ ছাড়তে পারবেন না। গত বছর ৭০ বছর বয়সী মোশাররফের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। ইউএইতে মোশাররফ মায়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য আদালতে ঐ আর্জি দাখিল করেছিলেন।
দীর্ঘ চার বছরের আত্ম-নির্বাসনের পর দেশটির সাধারণ নির্বাচন উপলক্ষে গত বছর মার্চে পাকিস্তানে আসেন মোশাররফ। কিন্তু এসেই সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোসহ আরো দুইজনের হত্যা মামলা এবং ২০০৭ সালে সংবিধান লংঘন করে জরুরি অবস্থা জারি করার দায়ে রাষ্ট্রদ্রোহ মামলায় জড়িয়ে পড়েন। এ কারণে তাকে গৃহবন্দী রাখা হয় এবং তার ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু মোশাররফ তার বিরুদ্ধে করা সকল অভিযোগই প্রত্যাখ্যান করেছেন। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সামরিক শাসক যিনি আদালতে বিচারের মুখোমুখি হলেন।
