সহস্রাধিক ঘর-বাড়ি ও গাছ-পালা বিধ্বস্ত
সুন্দরবন উপকূলবর্তী সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে ২৩ গ্রামের সহস্রাধিক ঘর-বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও রমজান নগর ইউনিয়নের যতীন্দ্রনগর, চুনকুড়ি, টেংরাখালি, ভেটখালি, গোলাখালি, মিরগাং ও গোলাখালী এলাকা দিয়ে এ টর্নেডো প্রবাহিত হয়। এ সময় ওই এলাকায় ১০ জনের আহত হবার খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের দুই চেয়ারম্যান জানান, টর্নেডোর আঘাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের দুটি ইউনিয়নের উক্ত সাতটি গ্রামে। এসব গ্রামের কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ভেঙ্গেচুরে গেছে। শত শত গাছপালা ভেঙ্গে অথবা উপড়ে পড়ে এলাকায় ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। বিধ্বস্ত ঘরবাড়ি থেকে ক্ষতিগ্রস্ত মানুষ নিকটস্থ স্কুল ও সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন । টর্নেডোর আঘাতে কৈখালি ইউনিয়নেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
