মির্জাপুরে অগ্নিকাণ্ড ৭ দোকান ভস্মীভূত

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:১৬
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গুগি বাজারে গত সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ব্যবসায়ী মিজানুর জানায়, রাত সাড়ে ১২টার দিকে ঐ বাজারের একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আশ-পাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, আগুনে ৭টি দোকান পুড়েছে এ খবর তারা পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি।