নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াব এলাকায় গতকাল মঙ্গলবার বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের মা ও বোনকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাওনা ৬০ হাজার টাকা নিয়ে মৃত ওয়াজউদ্দিনের ছেলে সবুজ মিয়া ও আমান মিয়ার মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে আমান তার বড় ভাই সবুজ মিয়াকে থাপ্পড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে সবুজ মিয়া ছোট ভাই আমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিত্সকেরা আমান মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার চর বিরাজ গ্রামের কবির মাতুব্বরের ছেলে সবুজ মাতুব্বর মাঠ থেকে গরু আনার সময় ১টি গরু চাচা বাবুল মাতুব্বরের ঘরে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল লাঠি দিয়ে সবুজের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। রাত ১০টার দিকে আহত সবুজের মৃত্যু হয়।
