ধ্বংসের পথে মুক্তাগাছার জগন্নাথবাড়ির শিব মন্দির

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:১৮
মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের জগন্নাথবাড়িতে অবস্থিত দৃষ্টিনন্দন শিব মন্দিরটি অযত্ন আর অবহেলায় ধ্বংসের পথে । জানা যায়, জগন্নাথ ছিলেন এই অঞ্চলের ক্ষমতাধর ভূস্বামী। তারই নামে এলাকাটির নামকরণ হয় জগন্নাথবাড়ি। জগন্নাথ স্থানীয় হিন্দু অধিবাসীদের ধর্ম কর্মে মনোযোগী হতে নির্মাণ করেন স্বর্ণকুন্ডশোভিত কারুকার্যমন্ডিত এই শিব মন্দির। ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের পাশে নির্মিত মন্দিরটিতে আজ হয় না অর্চনা। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ইট সুরকি খসে যাচ্ছে । মন্দিরটিকে বট পাকুড় গাছ আঁকড়ে ধরেছে। মন্দিরের ভেতর সাপ আর চামবাদুর বাসা বেঁধেছে । ক্রমশ এটি দেবে যাচ্ছে। স্থানীয় একজন প্রবীণ জানান, একসময় মন্দিরটি ঢাক ঢোল আর করতালের শব্দে মুখরিত থাকত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মন্দির প্রতিষ্ঠাতা জগন্নাথের বংশধররা ভারতে চলে যাওয়ায় বন্ধ হয়ে যায় মন্দিরের কার্যক্রম। মন্দিরটি সংরক্ষণের দাবী এলাকাবাসীর ।