ক্যাম্পাসেও যানজট!

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৩২

ক্যাম্পাস মানেই মন মাতানো অপরূপ প্রকৃতি, নির্জন রাস্তা। এমন দৃশ্য চোখে পড়ে জাহাঙ্গীরনগর কিংবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল হতে না হতেই যানজটের মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। ক্যাম্পাসে বহিরাগত গাড়ির অবাধ চলাচলের ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয় সাধারণ শিক্ষার্থীদের। শাহবাগ থেকে টিএসসি কিংবা টিএসসি থেকে নীলক্ষেত, রেহাই নেই ঢাকা মেডিক্যাল কলেজের রাস্তাও। নিজেদের ক্যাম্পাসের রাস্তায় জ্যামে আটকে গেলে মনে হয় মিরপুরের জ্যামে বসে আছি। আর পাশেই চলছে মেট্রোরেলের কাজ। গত রবিবারের ঘটনাই ধরা যাক। টিএসসি থেকে দুপুর ১টা ২০ মিনিটে বৈশাখী বাসে উঠি। আমাদের গাড়ী থেমে যায় ভিসি চত্বরে এসে। ভিসি চত্বর থেকে নীলক্ষেত পর্যন্ত পুরো জ্যাম। নীলক্ষেত পৌঁছি ১টা ৫৬ মিনিটে। যেখানে টিএসসি থেকে নীলক্ষেত হেঁটে এলেও ১০ মিনিটের বেশি লাগে না। প্রতিদিনই ভাবতে হয়, এটি ক্যাম্পাসের রাস্তা নাকি শহরের ব্যস্ত এক মহাসড়ক! একটি বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ক্যাম্পাসের বুক চিরে যান চলাচল কতটা যৌক্তিক তা আমার জানা নেই। প্রতিদিনই শত সতর্কতার মাঝে পার হতে হয় রাস্তা। জানি না কবে নড়েচড়ে উঠবে প্রশাসন! একটি দুর্ঘটনা হলে পুরো দেশ আন্দোলনে মেতে ওঠে। কিন্তু দুর্ঘটনা প্রতিরোধের পূর্ব প্রস্তুতি আমরা কোথায় নিচ্ছি!

শামীম মাহমুদ মিয়া

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়