ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

চান্দিনায় দিনভর যানজট

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:১৯
কোন প্রকার সড়ক দুর্ঘটনা ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় দিনভর যানজট দেখা দেয়। মঙ্গলবার ভোর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৪টা) মহাসড়কের কুমিল্লার নিমসার থেকে মাধাইয়া বাজার এলাকা পর্যন্ত যানজট চলছিল। মঙ্গলবার ভোরে প্রবল বর্ষণের কারণে মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। চালকরা অধিক সাবধানতা অবলম্বন করে যান চলাচলের স্বাভাবিক গতি কমিয়ে দেয়ায় এবং মহাসড়কের চান্দিনা ও মাধাইয়া এলাকায় কয়েকটি ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। এতে যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমে গেলেও যানবাহনের তীব্র চাপ, সকালে নিমসার কাঁচাবাজার এলাকার যানজট এবং মহাসড়কের চান্দিনা-মাধাইয়া অংশের ছোট-বড় গর্তের কারণে যানজটের লাইন দীর্ঘ হতে শুরু করে। হাইওয়ে পুলিশ ইলিয়টঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এস.আই) আসাদ জানান, মূলত চান্দিনা অংশে মহাসড়কের ছোট-বড় গর্তের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া মাধাইয়া বাজার এলাকায় সড়কের সংস্কার কাজ চলায় এ যানজট তীব্র হয়ে উঠে। তবে হাইওয়ে পুলিশের তত্পরতায় বিকাল পর্যন্ত যানজট কমে এসেছে।