রাজশাহী কলেজে ছাত্রলীগের ভাংচুর

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:১৯
ভর্তিতে দলীয় কোটা দাবি চলতি শিক্ষাবর্ষে রাজশাহী কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তিতে দলীয় কোটার দাবিতে কলেজ অডিটরিয়াম কক্ষে ব্যাপক ভাংচুর চালিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।মঙ্গলবার দুপুরে এই ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘন্টাব্যাপী ভর্তির কার্যক্রম বন্ধ ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজশাহী কলেজ অডিটরিয়াম কক্ষে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে ছাত্রলীগনেতা অন্তর, জেনিসের নেতৃত্বে ৩৫/৪০ ছাত্রলীগের নেতাকর্মী ভর্তি কার্যক্রম বন্ধ করতে বলে এবং কক্ষের চেয়ার-টেবিল, দরজা-জানালায় ব্যাপক ভাংচুর চালায়। এসময় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের অফিস কক্ষে গিয়ে ভর্তির ক্ষেত্রে দলীয় কোটা দাবি করেন। অন্যথায় ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকিও দেন। এতে ঘন্টাব্যাপী ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। পরে বোয়ালিয়া মডেল থানা পুুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে দুপুর দেড়টার দিকে কলেজ শাখা ছাত্রশিবির অডিটরিয়ামে ছাত্রলীগের হামলা ও ভাংচুরের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। তবে রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান বলেন, কেউ আমার কক্ষে এসে কোন দাবি করেনি। যা ভাংচুর হয়েছে তা অডিটরিয়াম কক্ষেই হয়েছে। তবে ওরা যাই করুক না কেন ভর্তি কার্যক্রম চলবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মেধাক্রম অনুসারেই শিক্ষার্থী ভর্তি করা হবে। ভাংচুরের বিষয়ে বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম ববিন বলেন, ভাংচুরের সাথে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা ভাংচুরে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, ভর্তির ফরম জমাদানকে কেন্দ্র করে কিছু ঝামেলা হয়েছিল। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এছাড়া ভর্তি কার্যক্রম চলাকালীন যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। রায়পুরে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, রায়পুর সরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের নিকট চাঁদা দাবি এবং অফিস কক্ষে তালা লাগিয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ভর্তি কাজে বাধা প্রদান করায় কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজীম ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত রিয়াদসহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করা হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিক উদ্দিন সোমবার রাতে মামলাটি করেন। অধ্যক্ষ শফিক উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে মামলার আসামিরা ভর্তিরত প্রতিজন শিক্ষার্থীর নিকট হতে ৩শ’ টাকা করে কলেজ কর্তৃপক্ষের নিকট চাঁদা দাবি করে। কোন চাঁদা দেয়া হবে না বলায় আসামিরা সোমবার অফিস চলাকালীন কলেজের অফিস কক্ষে তালা মেরে কর্তব্যরত শিক্ষকদেরকে গালাগালি করে। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।