লিবিয়ায় ২ বাংলাদেশি নিহত
লিবিয়ার বেনগাজী শহরের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই ভাইয়ের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামে। নিহত দুইজন হলেন মো. মিলন ও তার ভাই মো. স্বপন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। লিবিয়ার সময় শনিবার রাতে সামা লিবিয়া নামের কারখানায় ঐ হামলা হয়।
এ বিষয়ে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া ছিদ্দিকি সোমবার রাতে মোবাইল ফোনে গোসাইরহাট ইত্তেফাক সংবাদদাতাকে জানান, শনিবার কাজ শেষে তারা কোম্পানির আবাসিক ক্যাম্পের একটি কক্ষে চার বাংলাদেশি ছিলেন। হঠাত্ বিকট শব্দে একটি ক্ষেপণাস্ত্র ক্যাম্পের দেয়ালে আঘাত করে। ঐ কক্ষে থাকা চার বাংলাদেশিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিত্সক দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের লাশ বেনগাজী মেডিক্যাল সেন্টারের হিমঘরে রাখা হয়েছে। এদিকে গোসাইরহাটের দক্ষিণ কোদালপুর গ্রামে নিহত দুই ভাইয়ের পিতা-মাতার সাথে যোগাযোগ করা হলে তাদের পিতা-মাতা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, বাংলাদেশ সরকার যেনো অতিদ্রুত তাদের লাশ আমাদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করেন।
