রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:৫৩
সাবেক এমপি আনসার আহমেদ কুমিল্লার দুইবারের সাবেক এমপি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আনসার আহমেদ আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার স্ত্রী ও ২ ছেলে, ২ মেয়ে রয়েছে। পারিবারিক সূত্র জানায়, আগামী শুক্রবার বাদ জুমা নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। মো. তাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা নরসিংদী সদর উপজেলা কমান্ডার মো. তাজুল ইসলাম গত সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। নরসিংদী সদর উপজেলার চৌয়ালা গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধা তাজুল ইসলাম ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে শত্রু মুক্ত করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার নরসিংদীর স্বাধীনতা চত্বরে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি সম্মান প্রদর্শন করে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। শেখ মুনসুর আলী বাগেরহাটের কচুয়ায় মুক্তিযোদ্ধা শেখ মুনসুর আলী (৬৫) সোমবার রাতে কচুয়া হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার ফুলতলা গ্রামের মৃত মোহাব্বত আলী শেখের ছেলে। মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।