ত্রিপুরায় খাদ্যশস্য পাঠাতে ট্রানজিট দিচ্ছে বাংলাদেশ

আপডেট : ২৪ জুন ২০১৪, ২২:০৭
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় খাদ্যশস্য পাঠানোর জন্য বাংলাদেশ তাদের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হয়েছে। ত্রিপুরা সরকার এ কথা নিশ্চিত করেছে। ত্রিপুরায় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলেন, আগামী দুই তিন সপ্তাহের মধ্যেই প্রথম দফার পরীক্ষামূলকভাবে দশ হাজার মেট্রিক টন চাল পাঠানোর জন্য দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এই পর্যায়ে সফল হলে আগামী বেশ কয়েক মাস ধরে বাংলাদেশ হয়েই ত্রিপুরায় খাদ্যশস্য যাবে বলে তারা আশা করছেন। এর আগে ত্রিপুরায় পালাটানায় বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের জন্য ভারী সরঞ্জামও এসেছিল আশুগঞ্জ বন্দর হয়েই, তবে চাল-গম পরিবহনের জন্য এই প্রথম বাংলাদেশ তাদের করিডোর ব্যবহার করতে দিচ্ছে ভারতকে। ভারতের ত্রিপুরায় প্রতি মাসে সরকারকে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন চাল-গম পাঠাতে হয়। আর এর প্রায় পুরোটাই আসে গৌহাটি-আগরতলা রেলপথ হয়ে; কিন্তু এই রেলপথের লামডিং-বদরপুর শাখাকে ব্রডগেজে রূপান্তর করার জন্য আগামী অক্টোবর থেকে প্রায় আট মাস ধরে এই রুট বন্ধ থাকবে, কাজেই ত্রিপুরায় খাদ্যশস্য পাঠানোর জন্য ভারতকে খুঁজতে হচ্ছিল বিকল্প পথ। এ অবস্থায় বাংলাদেশ ভারতকে তাদের করিডোর ব্যবহার করতে দিতে রাজি হয়েছে।