ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অন্ধ্র প্রদেশের একটি আদালত। তিনবার সমন জারি করা হলেও তাতে সাড়া না দেয়ায় গতকাল রাজ্যটির অনন্তপুরের একটি আদালত ধোনির বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে। একই সঙ্গে আদালত ১৬ জুলাইয়ের মধ্যে ধোনিকে আদালতে হাজির করানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া।
২০১৩ সালের ‘বিজনেস টুডে’র এপ্রিল সংখ্যার প্রচ্ছদে ধোনির একটি ছবি ছাপানো হয়। এতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে হিন্দু দেবতা হিসেবে উপস্থাপন করা হয়। ছবিটির সাব টাইটেল ছিল ‘গড অব বিগ ডিলস’। ছবিটির একেক হাতে জুতাসহ বিভিন্ন কোম্পানির পণ্য ধরা ছিল। ক্ষুদ্ধ হয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় এক নেতা ধোনির বিরুদ্ধে মামলা ঠুকে দেন। একই অভিযোগে দিল্লি, পুনেসহ ভারতের অন্যান্য শহরেও এই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে।
