কালশী হত্যাকাণ্ডের দায় রাষ্ট্রকেই নিতে হবে

আপডেট : ২৪ জুন ২০১৪, ২২:১৫
কালশীর বিহারী পল্লীসহ দেশের বিভিন্ন স্থানের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, বিহারী পল্লীতে যেসব মানুষ পুড়ে মারা গেছেন তার দায় রাষ্ট্রকেই নিতে হবে। তিনি আরো বলেন, সরকার মানবাধিকার কমিশনকে সহায়তা না করলে দেশের মানবাধিকার রক্ষা সম্ভব নয়। গতকাল মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ড. মিজানুর রহমান বলেন, সমাজের সবক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যার সমাধান করতে হবে। আর সেক্ষেত্রে রাষ্ট্র যদি সাহায্য না করে তাহলে কিছুতেই তা সম্ভব হবে না। দেশের সব শ্রেণী, সব ভাষাভাষী মানুষের দায়িত্ব রাষ্ট্র নেবে- বঙ্গবন্ধুর এই উক্তি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তাহলে মিরপুরে বিহারী পল্লীতে কেন এতোগুলো মানুষকে আগুনে পুড়ে মরতে হলো? তিনি এই ঘটনায় সংশ্লিষ্টদের খুঁজে বের করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান। নারায়ণগঞ্জের সাত খুন প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দেশের আইনে নাকি ‘এক্সট্রা জুডিশিয়াল মার্ডার’ বন্ধ হয়েছে। তাহলে সেভেন মার্ডার কী? এ ঘটনা থেকেও রাষ্ট্র দায় এড়াতে পারে না। পুলিশও চাঁদা বাণিজ্যে জড়িয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন তাদের দায়িত্ব যথার্থভাবে পালন করছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।