যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিত্সকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন। গতকাল বিকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী। মতিউর রহমান নিজামী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল সকালে নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার অপেক্ষমাণ রায় ঘোষণার দিন ধার্য ছিল। অসুস্থ হওয়ায় তাকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এ কারণে রায় দেয়নি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
কারা সূত্র জানায়, গতকাল সকালে আদালতে হাজির করার জন্য সোমবার রাত ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতের খাবার খেয়ে যথারীতি তিনি ঘুমিয়ে পড়েন। হঠাত্ রাত ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে কিছুটা প্রলাপ বকতে শুরু করেন। এ সময় দায়িত্বরত কারারক্ষীরা অবহিত করেন জেলারকে। এরপরই তাকে ভর্তি করা হয় কারা হাসপাতালে। চিকিত্সকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তার রক্তচাপ বেড়েছে। ওষুধ সেবনের পর তার অবস্থার কিছুটা উন্নতি ঘটে। কিন্তু সকাল ৮টার দিকে নাস্তা খাওয়ার পরপরই আবার তার অবস্থার অবনতি ঘটে। এরপরই কারা কর্তৃপক্ষ নিজামীর অসুস্থতার কথা জানিয়ে আদালতে (যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল) প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, নিজামী অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করা সম্ভব নয়।
