মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের বসতবাড়ি পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে রানীপুকুরের ভক্তিপুর কুড়ারপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর কুড়ারপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজগার আলীর ছেলে সেকেন্দার, সেকেন্দারের ছেলে মঞ্জুরুল ও রঞ্জু মিয়ার পরিবারের ১০টি ঘর, ঘরে রক্ষিত ২টি গরু, হাঁস-মুরগি, মোটর সাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
এ সময় অগ্নিদগ্ধ মঞ্জুরুলকে (৩০) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নীচে জীবন-যাপন করছে।
