রানার শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, সাভার \ সাভারে রানা প্লাজা ধসের মূলহোতা সোহেল রানাসহ সকল দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি নামক সংগঠনটি।
গতকাল মঙ্গলবার রানা প্লাজার সামনে থেকে মানববন্ধন শেষে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীসহ ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত শ্রমিকদের স্বজনরা।
সুন্দরগঞ্জে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিনামূল্যে কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা চত্বরে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষি মন্ত্রীর নিজস্ব উদ্যোগে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে নেরিকা জাতের আমন ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার ও কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আসাদুর রহমান।
পাকুন্দিয়া উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থবত্সরের ২ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ৭শ’ ৮০ টাকার উন্নয়ন পরিকল্পনা ও উন্মুক্ত বাজেট গতকাল বুধবার পরিষদ মিলনায়তন কক্ষে ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.এমদাদুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আজিজুল হক, শামসুন্নাহার, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.জসিম উদ্দিন প্রমুখ।
মুক্তাগাছায় তথ্য অধিকার আইন বিষয়ে সনাকের ওরিয়েন্টেশন
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছা ঢাকা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি সনাক মুক্তাগাছা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র যৌথ উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন হয়েছে। সনাক সভাপতি অধ্যাপক এখলাছুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ এস এম জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া, টিইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রিয়াজ উদ্দিন খান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাজ্জাদ হোসেন, মুক্তাগাছা সনাকের তথ্য ও পরামর্শ বিষয়ক উপকমিটির আহবায়ক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান প্রমুখ।
মীর্জাগঞ্জে নারী উন্নয়ন ফোরাম গঠন
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল বুধবার উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় মীর্জাগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সমন্বয়ে নারী উন্নয়ন ফোরাম গঠনকল্পে স্থানীয় উপজেলা অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগমকে সভাপতি ও মহিলা ইউপি সদস্য গীতা রানী দাসকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট মীর্জাগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।
পঞ্চগড়ে খাদ্যে ভেজাল প্রতিরোধে ডকুমেন্টারি প্রদর্শন
পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে খাদ্যে ভেজাল প্রতিরোধে ‘নিরাপদ খাবার সুস্থ জীবন’ ডকুমেন্টারী প্রদর্শন করা হয়েছে। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ জনস্বার্থে এ প্রদর্শনীর আয়োজন করছে। গতকাল বুধবার জেলা সদরের ৫টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসায় এ ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। জেলা সদরের মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ২২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় স্কুলের প্রধান শিক্ষক রোকসানুল ইসলাম প্রধান লিয়ন, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়ক) হাসিনা পারভীন, ব্যবস্থাপক (স্বাস্থ্য) হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ ও কমিউনিটি মবিলাইজার গৌসুল আজম উপস্থিত ছিলেন।
কুলিয়ারচর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কুলিয়ারচর উপজেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান নূরুল মিল্লাতের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন। আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী ভূমি কমিশনার আফরোজা পারুল, মো. হাবিবুর রহমান সভাপতি দুদক কুলিয়ারচর উপজেলা, ভাইস চেয়ারম্যান মেছবাহ উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ আক্তার রেখা।
সাদুল্লাপুরে ওয়াশ চ্যালেঞ্জ রেজাল্ট প্রকল্পের কর্মশালা
গাইবান্ধা প্রতিনিধি\ গাইবান্ধা সাদুুল্লাপুর উপজেলায় গতকাল বুধবার ওয়াশ চ্যালেঞ্জ রেজাল্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ইমাম অংশ নেন।
ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. আহসান হাবীব। বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশের রংপুর জোনাল কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন, এসকেএস ফাউন্ডেশনের অপারেশন এ সোস্যাল ডেভপলমেন্ট কো-অর্ডিনেটর খন্দকার জাহিদ সারোয়ার সোহেল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
কুবি সংবাদদাতা\ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বৃক্ষের ছায়ায় সুশীতল করার লক্ষ্যে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এ কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের পিছনে পাহাড়ের উপর গাছ রোপণ করে এ কর্মসূচি পালন করে নৃবিজ্ঞান বিভাগ। নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতি মো: আইনুল হক এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
হোমনা পৌরসভার ৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ নতুন কোন করারোপ ছাড়াই হোমনা পৌরসভার ২০১৪/১৫ অর্থ বছরের ৪৬ কোটি, ৯০ লাখ, ১৭ হাজার, ১২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার পৌর মিলনায়তনে মেয়র মো. হারুন মিয়া বাজেট ঘোষণা করেন। বাজেটে পৌর সদরে আধুনিক শপিংমল নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো.মানিক মিয়া, পৌর সচিব শাহাদাত্ হোসেন, জাইকার স্থানীয় প্রতিনিধি মামি ইয়ামাওকা, প্রকৌশলী জহির উদ্দিন, আঃ মান্নাফ, অলেক মিয়া ও তোফাজ্জল হোসেন প্রমুখ।
নিজামির ফাঁসির দাবিতে মেহেরপুরে সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি\ মতিউর রহমান নিজামির ফাঁসির দাবিতে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহরে র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজ শহীদ রেজাউর চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন।
ময়মনসিংহে শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের নিয়ে শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ময়মনসিংহ শহরের ডিবি রোড সেহড়া তৃণমূল উন্নয়ন সংস্থা কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব সেক্রেটারী আতাউল করিম খোকন, পৌর কাউন্সিলর শরাফ উদ্দিন, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদ প্রমুখ।
কোটালীপাড়ায় জেলেদের পরিচয়পত্র বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জেলেদের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২টি ইউনিয়নের ৩৬২৯ জন জেলের মাঝে তাদের পরিচয়পত্র বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মত্স্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার উপস্থিত ছিলেন।
জলঢাকায় প্ল্যানের কার্যক্রম পরিদর্শনে গণমাধ্যমকর্মীরা
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর জলঢাকায় বুধবার দিনব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের স্বাগত জানিয়ে প্ল্যানের লক্ষ্য ও উদ্দেশ্য বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ধারণা দেয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নীলফামারী প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডা. ঋষিকেষ সরকার। গণমাধ্যম কর্মীরা সংস্থার মাঠ পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, শিশু সুরক্ষা বিষয়ের প্ল্যান ও সহযোগী সংস্থার কার্যক্রম প্রত্যক্ষ করেন।
আড়াইহাজারের ছনপাড়ায় ৬টি দোকান ভস্মীভূত
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত ৩টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাজারের জব্বর ফকিরের মার্কেটের ৬টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, ঘটনার সময় যে কোন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারে মনির হোসেন, জিয়াউর রহমান, সাদেকুর রহমান, হানিফা, মোবারক ও আয়েত আলীর দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাধবদী থেকে ফায়ার সার্ভিস এসে ২ ঘন্টা চেষ্টা করে বুধবার ভোর ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মালিক পক্ষ দাবি করেন ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় ২৫ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে। তবে আগুন কিভাবে লেগেছে এই ব্যাপারে কিছু জানাতে পারেনি ক্ষতিগ্রস্ত দোকানদাররা ।
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের কর্মশালা সমাপ্ত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ নিউজ নেটওয়ার্কের উদ্যোগে লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধের লক্ষ্যে সাংবাদিকদের ২ দিনব্যাপী সচেতনতা মূলক কর্মশালা গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সমাপ্ত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন এপির সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. হোসেন শাহরিয়ার ও নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান।
ইসলামপুরে ইউক্যাশ প্রশিক্ষণ অনুষ্ঠিত
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে বুধবার সমবায় ও পল্ল¬ী উন্নয়ন ভবন সভাকক্ষে মোবাইল ফাইনান্সশিয়াল সার্ভিস উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউক্যাশ) এর উদ্যোগে রিটেইলার এর একটি সেবা “মিলন মেলা/১৪ ও ইউক্যাশ এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওই দিন মোঃ সুরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের এরিয়া ম্যানেজার ফরহাদুল ইসলাম।
মৌলভীবাজারে দরিদ্রদের জন্য করণীয় বিষয়ে মতবিনিময়
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে প্রাণীসম্পদ বিভাগে প্রদেয় সেবা সমূহে অতিদরিদ্রদের জন্য করণীয় বিষয়ক মতবিনিময় সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের সেবাসমূহে অতিদরিদ্রদের প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাকের আয়োজনে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার সম্মেলন কক্ষে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ হিদায়াতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সহিদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. উমেদ আলী।
নোয়াখালী পৌরসভার বাজেট ঘোষণা
নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ৭৩ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৯৪৬ টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল বুধবার পৌর মিলনায়তনে মেয়র মো. হারুনুর রশিদ আজাদ এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১৩ কোটি ২৫ লাখ ১৮ হাজার ৬৬৯ টাকা, উন্নয়ন আয় ৫৯ কোটি ৯৪ লাখ টাকা, প্রারম্ভিক স্থিতি ৫৯ লাখ ৬৬ হাজার ২৭৭ টাকা ও রাজস্ব ব্যয় ১৪ কোটি ১৮ লাখ ৩৭ টাকা, উন্নয়ন ব্যয় ৫৯ কোটি ৪৪ লাখ ৬৬৯ টাকা এবং সমাপনী স্থিতি ৬০ লাখ ৩ হাজার ২৭৭ টাকা ধরা হয়েছে।
রামুতে কনকা’র উদ্যোগে গাছের চারা বিতরণ
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে স্বেচ্ছাসেবী সংগঠন কথা নয় কাজ (কনকা) এর উদ্যোগে আচারিয়া পাসসানারাম বিহার প্রাঙ্গণে বুধবার বিভিন্ন সংগঠনের মাঝে প্রায় ১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মধ্যম মেরংলোয়া আচারিয়া পাসসানারাম বিহারের অধ্যক্ষ শ্রীমত্ ক্ষান্তিপাঞা ভিক্ষু। বিতরণকালে আরো উপস্থিত রামু প্রেসক্লাবের উপদেষ্টা সচিত্র রামু বার্তার সম্পাদক দর্পণ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, রম্যকণ্ঠ, জনতার কথা বুলেটিনের সম্পাদক, সম্পাদক রামু টাইম্স।
রায়পুরা উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে অবস্থিত পলাশতলী গোপীনাথপুর আদর্শ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে গতকাল বুধবার মাদ্রাসা চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রায়পুরা উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম সারোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
শ্রীপুরে স্কুল ছাত্রকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরার শ্রীপুর উপজেলা সদরে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রকে যৌন হয়রানির প্রতিবাদে ও দ্রুত বিচার সম্পন্নের দাবিতে গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে মাববন্ধন কর্মসূচি পালিত হয়। শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজুল ইসলাম টোকন, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, পিটিএ সভাপতি সিরাজুল ইসলাম মিয়া ও প্রধান শিক্ষক হাসেম আলী মণ্ডল প্রমুখ।
