মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন আজ বৃহস্পতিবার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী পাভেলুর রহমান শফিক খান (আনারস), কাজী আবুল বাসার (দোয়াতকলম), ডা. আব্দুল বারি (মোটরসাইকেল), মোহাম্মদ আসাদুর রহমান (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস-চেয়ারম্যান পদে ৪ প্রার্থী সাহাবুদ্দিন হাওলাদার (উড়োজাহাজ), মনিরুল ইসলাম তুষার ভুঁইয়া (তালা), এডভোকেট কানাই লাল দাস (বই) ও মো. আজিজুল হক মল্লিক (জাহাজ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভিন জাহান (হাঁস) ও তানিয়া সুলাতানা (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমেনা খাতুন বেবী ইতিমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে বিরত রয়েছেন। ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৪৮৪ জন। ভোট কেন্দ্র ১১৪টি। তন্মধ্যে ৭৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৩টি ভোট কেন্দ্র। ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
