আরো হ্যাটট্রিক চান মালিঙ্গা

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কাকে নিয়ে খুব একটা আলোচনা না হলেও, লাসিথ মালিঙ্গাকে নিয়ে আলোচনা থামছেই না। লঙ্কান ক্রিকেট তার সুদিন হারালেও মালিঙ্গা যে এখন আছেন ফর্মের তুঙ্গে। আর বিশ্বকাপের আগে হ্যাটট্রিক করার আগাম ঘোষণাও দিয়ে রাখলেন এই ফাস্ট বোলার।

২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে চার উইকেট শিকার করেছিলেন মালিঙ্গা। যদিও, ম্যাচটিতে শ্রীলঙ্কা পরাজয় এড়াতে পারেনি। মালিঙ্গা ৪৪তম ওভারের শেষ দুটি বলে ও ৪৬তম ওভারের প্রথম দুই বলে পরপর ৪ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের কিছুটা হলেও বিপদে ফেলেছিলেন।

আইসিসিকে মালিঙ্গা বলেন ‘কেন আমি আরো একটি হ্যাটট্রিক করতে পারবো না। আমি চেষ্টা চালিয়ে যাব। বিশ্বকাপের মঞ্চে এই ধরনের অর্জন সত্যিই বিশেষ কিছু।’

ওয়ানডেতে উইকেট দখলের তালিকায় সাবেক সতীর্থ সনাথ জয়সুরিয়াকে টপকে যেতে আর একটি মাত্র উইকেট প্রয়োজন মালিঙ্গার। তিনি বলেন, ‘ইংল্যান্ডের একটি বিষয় আমি মেনে চলার চেষ্টা করি, তাহলো এখানকার কন্ডিশন। এখানে হয় বেশ গরম পড়ে নতুবা প্রচণ্ড ঠান্ডা। একজন বোলারের দক্ষতা যাচাইয়ে সত্যিকারের পরীক্ষা দিতে হয়।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ইউনিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মালিঙ্গা। ১৬ উইকেট দখল করে তিনি মুম্বাইকে রেকর্ড চতুর্থ শিরোপা দখলে সহযোগিতা করেছেন। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তার পারফরমেন্স ডেথ বোলিংয়ে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলারের তকমাটাও এনে দিয়েছে।

মালিঙ্গা বলেন, ‘উইকেট পাওয়া সব সময়ই আনন্দের, বিশেষ করে আইপিএলের মত টুর্নামেন্টগুলোতে বোলিংয়ের মাধ্যমে দলকে সফলতা পেলে তা ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করে। এর ফলে আত্মবিশ্বাসও অনেকাংশেই বেড়ে যায়। কিন্তু ইংল্যান্ডের কন্ডিশন ও ফর্মেট সম্পূর্ণ ভিন্ন। আমি জানি এখানেও ভালো করার আত্মবিশ্বাস আমার আছে।’ শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মন্তব্য করতে গিয়ে মালিঙ্গা বলেছেন তারকাদের অনুপস্থিতিতে তরুণরা আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে আছে।

তিনি বলেন, ‘আগের বছরগুলোতে লঙ্কান দলে বড় বড় তারকারা থাকলেও এবারের দলটি অপেক্ষাকৃত তরুণ। এই মুহূর্তে শ্রীলঙ্কার সেরা ১৫ জন খেলোয়াড় নিয়েই আমরা এখানে খেলতে এসেছি। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রনে এবার ভালো কিছু করারই আশা করছি।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ আগামী এক জুন, শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে। - বাসস