সাঘাটায় সোলার প্যানেলে আলোকিত ৭০টি গ্রাম

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:০৩
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এখন জনপ্রিয় হয়ে উঠছে সোলার প্যানেল। এর মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৭০টি গ্রামের ১২শ’ পরিবারের ঘরে আলো ছড়াচ্ছে। উপজেলার চরাঞ্চলসহ বিদ্যুত্ বিচ্ছিন্ন এই গ্রামগুলো জেলা শহর থেকে ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিদ্যুত্ বিচ্ছিন্ন এই গ্রামগুলোতে আলো ছড়াতে গত ২০১০ সাল থেকে কাজ করছে সালেক সোলার পাওয়ার লিমিটেড। সোলারের আলো অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রা ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখছে। মান্ধাতা আমলের কেরোসিনের কূপি আর হারিকেনের পরিবর্তে ঘরে ঘরে জ্বলতে দেখা যাচ্ছে সৌরশক্তির বাতি। অনেকাংশে কমে গেছে জ্বালানি খরচ। সৌরশক্তির বদৌলতে গ্রামীণ জনজীবনের সঙ্গে যুক্ত হয়েছে টেলিভিশন, কম্পিউটারের মতো আধুনিক সুযোগ-সুবিধা, যা তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।