চুয়াডাঙ্গায় খুলনা বিভাগের ১০ এসপির সভা অনুষ্ঠিত

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:০৪
চুয়াডাঙ্গার ৮ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সে গতকাল বুধবার খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জ পুলিশ ইনচার্জ উপ-মহাপুলিশ পরিদর্শক এসএম মনিরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। ভারত-বাংলাদেশ সীমন্ত সংলগ্ন বাংলাদেশি জগন্নাথপুর গ্রামস্থ ৮ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ মাসিক সভায় খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত একটানা আড়াই ঘন্টা অনুষ্ঠিত এ বৈঠকে অংশগ্রহণকারী পুলিশ সুপারবৃন্দ গত এক মাসে নিজ নিজ জেলায় সৃষ্ট অপরাধ প্রবণতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় বিস্তারিত আলাপ-আলোচনান্তে জনসেবা ও জনকল্যাণের দিক বিবেচনা করে আশু করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় খুলনা বিভাগের ১০ জেলার ১০ জন পুলিশ সুপার ছাড়াও খুলনাস্থ রেঞ্চ রিজার্ভ ফোর্সের কমান্ডার কমান্ড্যান্ট ড. নাজমুল উপস্থিত ছিলেন। সভার শুরুতে সভাস্থলে জগন্নাথপুরের ৮ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি উপ-মহাপুলিশ পুলিশ পরিদর্শক এসএম মনিরুজ্জামান, খুলনা আরআরএফ অধিনায়ক কমান্ড্যান্ট ড. নাজমুলসহ ৯ জেলার পুলিশ সুপারকে স্বাগত জানান স্বাগতিক চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রশীদুল হাসান।