মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়া পচা মিয়ার দুঃসহ জীবনযাপন

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:০৫
১৯৩৫ সালে জন্ম নেয়া কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের মৃত গনু মিয়ার পুত্র মো. পচা মিয়ার বয়স এখন ৭৯ বছর। দেশকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ২নং সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু জীবন সায়াহ্নে এসেও তিনি পাননি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। এখন তার ৬ সদস্যের জীবন-সংসার চলে দুঃসহ অভাব-অনটনের মধ্যদিয়ে অর্ধাহারে-অনাহারে। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধিনায়ক মেজর জেনারেল আতাউল গনি ওসমানী তাকে রণাঙ্গনের একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে সনদ (নং- ৮৩২৬৪) প্রদান করেন। পরবর্তীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা ইউনিটের কমান্ডার সফিউল আহমেদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তীসহ বিভিন্ন জনের প্রত্যয়নপত্র, সুপারিশ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও স্বাধীনতার ৪৩ বছরেও তার নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তিনি পাননি কোন ভাতা বা সরকারি সহায়তা। ফলে বয়সের ভারে ন্যুব্জ হত-দরিদ্র পচা মিয়া ও তার পরিবার-পরিজনের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। পচা মিয়া জানান, দেশের কাছে কিছুই চাই না, শুধু একজন গর্বিত মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে মরতে চাই।’