বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
দাউদকান্দিতে কলেজ ছাত্রী নিহত
কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজার নিকট সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার শাকিলা আক্তার (২১) নামের সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রী মারা গেছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. রইস উদ্দিন জানান, কলেজে যাওয়ার জন্য টোলপ্লাজা বাসস্ট্যান্ডে অপেক্ষাকালে একটি বাস চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। বাসটি আটক করা হয়েছে।
ফুলবাড়ীয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৈয়ারচালা মাঝি পাড়ায় গত মঙ্গলবার গভীর রাতে মৃতু চন্দ্র দাস (১৮) নামে এক যুবক সাপের কামড়ে মারা গেছেন।
পাঁচবিবিতে আটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকাঘাট এলাকায় গতকাল বুধবার দুপুরে অটোরিকশার চাপায় দেবেন (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পীরপাল গ্রামের দেবেন ফেচকাঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে চাঁনপুরগামী একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে পাঁচবিবি থানায় অবহিত করা হয়েছে।
বিরামপুরে আদিবাসী মহিলার লাশ উদ্ধার
দিনাজপুর শহরের মামুনাবাদ এলাকার পুকুর থেকে গতকাল বুধবার শিউলী (৩৫) নামে এক আদিবাসী মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বেলডাঙ্গা আদিবাসী পল্লীর কার্লুস মার্ডির মেয়ে। তদন্ত কর্মকর্তা এসআই মামুন চৌধুরী জানান, সাঁতার না জানায় তার মৃত্যু হতে পারে।
বড়াইগ্রামে বৃদ্ধার আত্মহত্যা
নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে রঞ্জিতা রাণী সাহা (৬০) নামে এক বৃদ্ধা শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এলাকাবাসী জানান, সোমবার বিকালে রঞ্জিতা রাণী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢাকায় নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়। বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, সংসারে অশান্তি থেকে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
