ক্যারিবিয়ানদের জন্য ট্রফি চান হোল্ডার

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৩৬

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের ২৭ বছর বয়সী অধিনায়ক জেসন হোল্ডার মনে করেন, বিশ্বকাপ জয় এবং ওয়েস্ট ইন্ডিজের চার দশক পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার মতো ঘটনা ক্যারিবিয়ান লোকেদের নতুন করে একতাবদ্ধ করতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা বিশ্বকাপ জয় স্রেফ চার দশকের খরা ঘোচানোর কাজ করবে না। হোল্ডার মনে করেন, এরকম কিছু ঘটলে সেটা তার অঞ্চলের লোকেদের জন্য একত্রিত হয়ে উল্লাস করার নতুন এক উপলক্ষ হবে, ‘আমরা যদি  এবার এটা জিততে পারি, সেটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। এটা (বিশ্বকাপ ট্রফি) আমরা আগেও জিতেছি। ক্যারিবিয়ান অঞ্চলে একটা কথা বলা হয় যে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ভালো করলে ওয়েস্ট ইন্ডিজের লোকেরাও ভালো থাকে।’

ওয়েস্ট ইন্ডিজ দীর্ঘ ট্রফি খরা ঘুচিয়ে গত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিই জিতেছে। ছোট ফরম্যাটে এখনও তারা ভয়ঙ্কর দল। কিন্তু ওয়ানডেতেও তারা এক সময় ছিলো সবচেয়ে শক্তিশালী দল। প্রথম দুটি বিশ্বকাপ, ১৯৭৫ ও ১৯৭৯ ট্রফি জিতেছিলো তারা। সেই সাথে তৃতীয় বিশ্বকাপের ফাইনালেও উঠেছিলো ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু গত চার দশক ধরে এই ফরম্যাটে আর তাদের কোনো সাফল্য নেই। তবে গত দু দশক ধুঁকতে থাকার পর সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে কিছু পারফরম্যান্স তাদের আশাবাদী করেছে। হোল্ডার বলছিলেন, ‘আপনারা সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের পর দেখেছেন। আমরা ক্যারিবিয়ান অঞ্চলের যেখানেই গেছি না কেনো, লোকেরা এই সিরিজে আমাদের চেষ্টা এবং জেতার পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছে। ক্রিকেট মাঠের সাফল্য ওয়েস্ট ইন্ডিয়ানদের মুখে সবসময় হাসি ফোটায়। আমাদের একটা সাফল্য পেতে দেখলে এবং আরেকবার খেলাটায় আধিপত্য বিস্তার করতে দেখলে সেটা হবে এই অঞ্চলের লোকেদের জন্য বিরাট একটা প্রাপ্তি। আশা করি আমরা ক্রিকেট দিয়ে এই অঞ্চলের লোকেদের আরো কাছাকাছি আনতে পারবো।’

ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের কনিষ্ঠতম অধিনায়ক হোল্ডার বিশ্বাস করেন, পাওয়ার হিটার ক্রিস গেইলের দলে ফেরাটা দলের জন্য বড় একটা প্রাপ্তি হবে এই টুর্নামেন্টে, ‘ক্রিস একজন অসাধারণ মানুষ। ইংল্যান্ড সিরিজের আগে আমি বলেছিলাম, আমি কখনোই তার সাথে ব্যাট করিনি। মজার ব্যাপার হলো, আমি ওই সিরিজেই একসাথে ক্রিজে থাকতে পারলাম। সে আমাকে লম্বা সময় নিয়ে জড়িয়ে ধরলো। আর এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সে ওই সিরিজের অসাধারণ সেরা খেলোয়াড় ছিলো। ও যখন ১৬২ রানের ইনিংস খেললো, আমি ওর সঙ্গে ব্যাট করেছি। আমি নিশ্চিত, ক্রিসের সব ব্যাটিং সঙ্গীই স্বীকার করবে যে, উইকেটে থেকে সব বোলারকে মাঠের বাইরে পাঠানোর যে ব্যাটিং সে করে, সেটা দেখাটা অসাধারণ অভিজ্ঞতা। সে সত্যিই এই টুর্নামেন্টে জ্বলে উঠে আমাদের অন্যরকম উচ্চতায় তুলে নিয়ে যেতে পারে।’