ব্রাজিল চিলি মুখোমুখি শনিবার
ব্রাজিল কোচ লুই ফিলিপে স্কলারি মনে করছেন, বিশ্বকাপে প্রতিটি খেলাতেই তার দল ক্রমান্বয়ে ভালো করছে। শুধু তাই নয় নকআউট পর্বে চিলির বিরুদ্ধেও এ ধারা অব্যাহত থাকবে। তবে একইসাথে তিনি আসন্ন লড়াইয়ের প্রতিপক্ষটিকে নিয়ে সতর্কও।
চিলি প্রথম পর্বের শেষ খেলায় গত সোমবার ৪-১ গোলের বড় ব্যবধানে ক্যামেরুনকে হারায়। এ জয়ে চিলি গ্রুপ রানার্স আপ হিসাবে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হয়। আগামী শনিবার বেলো হরাইজন্তেতে দক্ষিণ আমেরিকার দেশ দুটি মুখোমুখি হবে।
কোচ স্কলারি স্থানীয় ল্যাসেন্ট পত্রিকাকে বলেন, ‘আমাদের উন্নতি করার আরো ক্ষেত্র আছে এবং চিলিকে হারাতে হলে আমাদের এটা করতে হবে। কেননা, চিলি একটি ভালো দল। এখন আমাদের ভুল করা চলবে না। এখন থেকে সকল দলই সমান পর্যায়ের।’
ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী দিনের খেলায় ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারায়। কিন্তু দ্বিতীয়টিতে ফোর্তালেজায় মেক্সিকোর সাথে গোলশূন্য ড্র করা খেলাটিতে ব্রাজিল শুরুতে কিছুটা স্নায়ুর চাপে কাটায়। নেইমার অবশ্য গ্রুপের প্রথম ও শেষ খেলায় জোড়া গোল দিলে জয়ের রাস্তা খুঁজে পায় ব্রাজিল।
স্কলারি বলেন, ‘আমার দলের খেলায় আমি সন্তুষ্ট। আর্জেন্টিনা যেমন লিওনেল মেসির ওপর নির্ভর করে আমরা ঠিক তেমনি নেইমারের ওপর। তাদের খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন এবং দুই জাতীয় দলের কাছেই উল্লেখ করার মত বিষয়। প্রকৃত সত্য হচ্ছে, আমাদের পাসিং এবং মার্কিংয়ে উন্নতি হয়েছে। এখনো আমাদের মিডফিল্ডে আরো জোর দেয়া দরকার। মেক্সিকোর বিপক্ষে আমরা গোল করতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘যদিও আমরা ক্যামেরুনের বিপক্ষে চার গোল করেছি। কিন্তু আমরা সাত আট গোল পেতে পারতাম। আমাদের উন্নতিটা সেভাবে হচ্ছে না।’
স্বাগতিক কোচটি তাদের খেলাটাকে এখন আরো উঁচু স্তরে নিতে হবে বলে নিজ দলের খেলোয়াড়দের সতর্ক করে দেন।
চিলি ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে এবং পরেরটিতে স্পেনকে হারালেও গত সোমবার নেদারল্যান্ডের কাছে ২-০ গোলে পরাজিত হয়। এ কারণে গ্রুপে বি গ্রুপে দ্বিতীয় স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হয় চিলিকে।
একই মহাদেশের দল চিলির সাথে শেষ ১৬’র আসন্ন লড়াইয়ের আগে দুইবার দেশটিকে হারিয়েছিল ব্রাজিল। তবে এবার তাদের ব্যাপারে বেশ সতর্ক স্কলারি।
বর্তমানে ৬৫ বছর বয়সী স্কলারি বলেন, ‘আমার হাতে ক্ষমতা থাকলে আমি অন্য প্রতিপক্ষকে বেছে নিতাম। দক্ষিণ আমেরিকার সব দলের মতই চিলি খুবই শক্তিশালী একটি দল। তারা খুবই সংগঠিত এবং মানসম্মত একটি দল।’
গত এপ্রিলে বেলো হরিজোন্তেতে একটি প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল। এর আগে গত নভেম্বরে টরন্টোতে অনুষ্ঠিত আরেক ম্যাচে চিলিকে ২-১ গোলে হারায় ব্রাজিল।
এ প্রসঙ্গে স্কলারি বলেন, ‘তাদের বিপক্ষে আমরা দু’বার খেলেছি এবং চ্যালেঞ্জটা আমাদের জানা আছে। অনেকেই ভেবেছিল টুর্নামেন্টের শুরুতেই চিলি বিদায় নেবে। কিন্তু না, তাদের যোগ্যতা আছে। আমরা তাদের খেলা পর্যালোচনা করব এবং সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নেব।’-বাসস
