‘নিরাময়যোগ্য ব্যাধি শ্বেতী সম্পর্কে চাই সচেতনতা’

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:৩৯
চিকিত্সায় ৭৫ ভাগ শ্বেতীরোগী ভালো হয়। শ্বেতী কোনো ছোঁয়াচে রোগ নয়, কোনো অভিশাপও নয়। আসুন আমরা শ্বেতীরোগীদের পাশে দাঁড়াই। বুধবার বিশ্ব শ্বেতী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিশেষজ্ঞ চিকিত্সকরা এই আহ্বান জানিয়েছেন। ন্যাশনাল ভিটিলাইগো ফাউন্ডেশন আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ডা. এমইউ কবীর চৌধুরী, মহাসচিব ডা. মোড়ল নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আফজালুল করিম, যুগ্ম সম্পাদক ডা. মো. নিয়াজ প্রমুখ। ডা. কবির চৌধুরী বলেন, শ্বেতী একটি নিরাময়যোগ্য ব্যাধি। শ্বেতীরোগ সম্পর্কে জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, কুসংস্কার ও অজ্ঞতার কারণে শ্বেতীরোগ নিয়ে জনমনে ভুল ধারণা রয়েছে। তাই সচেতনতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ডা. কবির বলেন, প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের শ্বেতীরোগ ছিল। তার মৃত্যুর দিনটিকেই বিশ্বব্যাপী জাতীয় শ্বেতী দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের অনেক সেলিব্রেটির শ্বেতীরোগ আছে। এতে তাদের কোনো সমস্যা হয় না। তিনি বলেন, এটি ত্বকের রং জনিত সমস্যা মাত্র। সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব রোগীদের বিনামূল্যে চিকিত্সার ঘোষণা দেয়া হয়।