কোপায় ব্রাজিল অধিনায়ক আলভেজ
স্পোর্টস ডেস্ক
নেইমার আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলের অধিনায়ক থাকছেন না। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় নেইমারের বদলে তারই পিএসজি সতীর্থ দানি আলভেজ স্বাগতিক দলটির অধিনায়কত্ব করবেন।
গেল বছর সেপ্টেম্বরেই ব্রাজিল কোচ তিতে নেইমারকে দলের স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বছর না ঘুরতেই এবার অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হলো তাকে।
ধারণা করা হচ্ছে— সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে ব্রাজিল তারকার আচরণ এতে বড় ভূমিকা পালন করেছে। নেইমারের জায়গায় আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিল দলে অধিনায়কের বাহুবন্ধনী পরবেন ৩৬ বছর বয়সী রাইটব্যাক আলভেজ। সোমবার ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘সিদ্ধান্তটি শনিবার নেইমারকে জানিয়ে দিয়েছেন কোচ তিতে।’
ঘরোয়া ফুটবলে মৌসুমটা মোটেও ভালো কাটেনি নেইমারের। ডান পায়ের মেটাটার্সাল হাড়ের চোট মৌসুমের একটা বড় সময় মাঠের বাইরে রেখেছে তাকে। মাঠের বাইরেও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। রেফারির সিদ্ধান্তকে সমালোচনা করে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন নেইমার।
এরপর ফরাসি কাপ ফাইনালে রেনের বিপক্ষে ম্যাচে সমর্থকের উপর হামলা করে লিগ থেকেও তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। কোচ তিতে নেইমারের এমন কার্যকলাপে অসন্তুষ্ট হয়েই তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল এ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে বলিভিয়া, পেরু ও ভেনেজুয়েলাকে পেয়েছে। গেলবারের আসরে গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হওয়ায় এবার একটু বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে তিতের দল। আগামী ১৪ জুন প্রতিযোগিতাটির উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
