স্পোর্টস রিপোর্টার
ভারতের প্রস্তুতি ম্যাচের শুরুটা ভালো হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে একেবারে ধসে পড়েছিলো তাদের বিখ্যাত ব্যাটিং লাইন-আপ। হেরে গিয়েছিল তারা সেই ম্যাচ; কিন্তু এই ফলাফলে আতঙ্কিত হওয়ার কারণ দেখেন না দেশটির কিংবদন্তি সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি বলেছেন, একটা দুটো ম্যাচে এমন হতেই পারে। অনুশীলন ম্যাচে ভারতের পারফরম্যান্স নিয়ে টেন্ডুলকার মুম্বাইতে এক অনুষ্ঠানে বলছিলেন, ‘আমি দলকে প্রতি ম্যাচের পর বিচার করতে বসি না। এটা একটা টুর্নামেন্ট। এখানে এরকম ঘটতেই পারে। আর মূল টুর্নামেন্ট তো এখনো শুরু হয়নি। আমার মনে হয়, আমাদের শান্ত হয়ে থাকা উচিত। একটা দুটো ম্যাচ এদিক ওদিক হতে পারে। ভারতের উচিত অনুশীলন ম্যাচ থেকে সেরাটা গ্রহণ করা। তাদের এই ম্যাচগুলো থেকে উইকেট বোঝা উচিত। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ টেন্ডুলকার মনে করেন, অনুশীলন ম্যাচ আসলে ভিন্ন ভিন্ন দলীয় সমন্বয়, ব্যাটিং অর্ডার দেখে নেওয়ার একটা সুযোগ মাত্র, ‘এসব ম্যাচে দলগুলো বিভিন্ন সমন্বয় দেখে নেওয়ার চেষ্টা করে; ব্যাটিং লাইন-আপ দেখে। কোনো দলই টুর্নামেন্ট শুরুর আগে তাদের চূড়ান্ত একাদশ নিশ্চিত করে না। ফলে সেই চূড়ান্ত একাদশকে এসব ম্যাচে কেউ সবার সামনে তুলেও ধরে না।’
