মামলাবাজদের প্রতিহত করুন

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:৪২
দেশের প্রতিটি জেলা-উপজেলায় টাউট শ্রেণির মামলাবাজ লোক রয়েছে—এদের উদ্দেশ্যই জায়গা-জমি নিয়ে মিথ্যামিথ্যি মামলা করা। এরা ভুয়া কাগজপত্র নিয়ে দাবি করে—অমুক তমুক জায়গা, রিজার্ভ পুকুর, নদীর পাড়, খালপাড়, রামকৃষ্ণ মিশন, জমিদারদের বিক্রি করা সম্পত্তি, অমুক স্কুল-সমুক স্কুল সবই তাদের বাপ-দাদার সম্পত্তি। আর এজন্য ভোগেন জমির প্রকৃত মালিক—তাঁকে নানাভাবে করা হয় হয়রানি। আর তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দলিল ও কাগজপত্র যাচাই-বাছাই করে বিশেষ করে জমি-জমা সংক্রান্ত মামলা গ্রহণ করা। যদি দেখা যায়, কেউ মিথ্যামিথ্যি জমি বা সম্পত্তি দাবি করে মামলা করেছেন তাহলে তাঁর বিরুদ্ধে চাই কঠোরতর শাস্তিমূলকব্যবস্থা। শুধু তাই নয়, দেশের প্রতিটি জেলা-উপজেলার কতিপয় টাউট যারা মিথ্যা মামলা করে সাধারণ মানুষকে দিনের পর দিন উত্যক্ত করছে তাদের একটি তালিকা তৈরি করাও প্রয়োজন। আর টাউট মামলাবাজদের ঠুকে দেওয়া যত সব মামলা রয়েছে তা বাতিল করার জন্য প্রতিটি জেলার সংশ্লিষ্ট বিভাগ কার্যকর ব্যবস্থা নেবে—এই প্রত্যশায় রইলাম। লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা ১২১৬