নগরীর লালখান বাজার এলাকার মতিঝর্ণা, টাংকি পাহাড় ও বাটালি হিলের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। গতকাল বুধবার সকাল থেকে উচ্ছেদ শুরু হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় গিয়ে মাইকে অবৈধ ঘরগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এরপর শ্রমিকরা অবৈধ ঘরগুলো ভাঙতে শুরু করে। অভিযানের শুরুতে মতিঝর্ণা এলাকার টাংকি পাহাড়ের জাফর ও নাসির নামে দুই ব্যক্তির অবৈধ দখলে থাকা প্রায় ৪০টি ভাড়াঘর উচ্ছেদ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কাদেরের নেতৃত্বে অভিযানে পুলিশ, ভূমি কর্মকর্তা, সিটি কর্পোরেশন, ওয়াসা, গ্যাস, বিদ্যুত্ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম আবদুল কাদের সাংবাদিকদের বলেন, নগরীর ১১টি অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ে ৬৬৬টি পরিবারের বসতি রয়েছে। পাহাড়গুলোর মধ্যে মতিঝর্ণা ও বাটালি হিল সংলগ্ন পাহাড় সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ পাহাড়ে ৩২০টি পরিবার থাকে।
অভিযানের শুরুতে তাদের চূড়ান্তভাবে উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও উচ্ছেদ করা হবে। উচ্ছেদ পরিবারগুলোর কয়েকজন অভিযোগ করেন, গত বৃহস্পতিবার টানা বর্ষণ শুরু হলে প্রশাসন ঘরে তালা লাগিয়ে দিয়ে তাদেরকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করেছিল। আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় কোনো ধরনের নোটিস না দিয়ে তাদের বাসা ভেঙে দেয়া হয়েছে। বাসার অনেক মালামাল তারা বের করতে পারেননি।
