দালাল চক্রের খপ্পরে পড়ে জর্ডানে গিয়ে প্রতারিত হয়ে ফিরে এসেছেন বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের ১ সন্তানের জননী জেসমিন বেগম (২৭)।
গৌরনদী প্রেসক্লাবে উপস্থিত হয়ে জেসমিন বেগম অভিযোগ করেন, তার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবেশী এমদাদ ও তার সহযোগী করিম সরদার তাকে বিদেশ পাঠানোর আশ্বাস দেয়। জেসমিন ও তার স্বামী সরল বিশ্বাসে করিম ও এমদাদের হাতে নগদ এক লাখ টাকা তুলে দিলে তারা জেসমিনকে জর্ডানে পাঠায়। কথা ছিল কোন বাসাবাড়িতে তাকে ১৪ হাজার টাকা বেতনে চাকরি দেয়া হবে। জেসমিন জানান, জর্ডান পৌঁছার পর তাকে একটি বাড়িতে আটকে রেখে দালাল চক্রের লোকজন পতিতাবৃত্তি করাতে চেষ্টা করে। এ কাজে বাধ্য না হলে তাকে মারধর করা হয়। এক মাস নির্যাতন ভোগের পর বাংলাদেশি এক যুবকের সহায়তায় জর্ডানের সেই অন্ধগলি থেকে পালিয়ে এবছরের ২২ জানুয়ারি শূন্য হাতে দেশে ফিরে আসেন জেসমিন। পরে সালিশ বৈঠকের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করেন জেসমিন ও তার পরিবার। কিন্তু দালাল চক্রের লোকজন প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি কেউ। ফলে নিরুপায় হয়ে গতকাল জেসমিন বাদী হয়ে আদম বেপারী করিম সরদার ও তার সহযোগী এমদাদ হোসেন হাওলাদারের বিরুদ্ধে বরিশাল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ অস্বীকার করে খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন হাওলাদার বলেন, ‘জেসমিন বেগমকে আমার মধ্যস্থতায় করিম সরদারের মাধ্যমে বৈধভাবে জর্ডান পাঠানো হয়েছে’।
