জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে এখনো কারাগারের নির্ধারিত সেলে (কক্ষে) নেয়া হয়নি। কারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে।
গত মঙ্গলবার নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এর আগের দিন সোমবার রাতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব নয় জানিয়ে একটি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে কারা কর্তৃপক্ষ। পরে রায় ঘোষণার সময় আদালতে আসামির উপস্থিতি থাকা আবশ্যক কিনা সেই বিষয়ে শুনানি গ্রহণ করে ট্রাইব্যুনাল। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তৃতীয়বারের মতো মামলাটির রায় অপেক্ষমাণ রাখেন। একইসঙ্গে যত দ্রুত সম্ভব জেল কর্তৃপক্ষকে নিজামীর শারীরিক অবস্থার উপর একটি প্রতিবেদন দিতে বলে ট্রাইব্যুনাল।
গতকাল বুধবার নিজামীর শারীরিক অবস্থা বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেন, মতিউর রহমান নিজামীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, মঙ্গলবারের চেয়ে তিনি অনেকটা ভাল আছেন। তাকে কারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল বিকাল (তিনটা) পর্যন্ত চিকিত্সকরা তিন দফায় তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। রাতে আরেকবার পরীক্ষা করবেন। তিনি যথারিতি খাবারও খেয়েছেন।
নিজামীর আত্মীয়-স্বজন কারাগারে তার সঙ্গে দেখা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে জেল সুপার বলেন, গতকাল পর্যন্ত কোন আত্মীয়-স্বজন তার সঙ্গে দেখা করেনি। এমনকি দেখা করার জন্য কেউ কারা কর্তৃপক্ষের কাছে আবেদনও করেননি।
