দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে প্রথম সফরের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তাদের মধ্যে সুষমার দুইদিনের সফর নিয়ে বিস্তারিত আলাপ হয়। প্রধানমন্ত্রী অফিসের একজন সিনিয়র অফিসার নিশ্চিত করেন যে বুধবার মমতাকে ফোন করেছেন সুষমা। সফরকালে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টিও ফোনালাপে উঠে আসে। এসব বৈঠকে দুই দেশের মধ্যে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি, প্রস্তাবিত তিস্তার পানিবণ্টন চুক্তি ও ভারতে অবৈধ অনুপ্রবেশের ইস্যু উঠে আসতে পারে বলে তিনি মমতাকে জানান। ফোনালাপের বিষয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি স্বাক্ষর শেষ মুহূর্তে মমতার আপত্তিতে আটকে যায়। এছাড়া স্থলসীমান্ত চুক্তি কার্যকরেও তার দলের বিরোধিতা রয়েছে। এ কারণে মমতার সঙ্গে সুষমার আলাপকে গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করা হচ্ছে।
