রাবিতে আজ শিবিরের ধর্মঘট, প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

আপডেট : ২৫ জুন ২০১৪, ২২:০৮
আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ণ দিবস ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রশিবির। শিবির নেতা রাসেল আলমের ডান পা গোড়ালী থেকে বিচ্ছিন্ন এবং বুকে ও দুই পায়ের উরুতে গুলিবর্ষণে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতার না করার প্রতিবাদে শিবির ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। এদিকে শিবিরের ধর্মঘটে একাডেমিক ও প্রশাসন কার্যক্রমসহ সব কিছু আগের মতোই চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। অন্যদিকে ক্যাম্পাসে শিবিরের ধর্মঘট প্রতিহতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কর্মসূচিতে রাবি ক্যাম্পাসে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার শিবিরের ধর্মঘটের সময়ে ক্যাম্পাসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। কিছু শিক্ষক বৃহস্পতিবার ক্লাশ নেবেন না, শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে রাবি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘ধর্মঘট ডাকার অধিকার একটি সংগঠনের নেতাকর্মীদের থাকতেই পারে। তবে শিক্ষক-শিক্ষার্থীরা তা কতোটা গ্রহণ করবেন সেটাই ভাবার বিষয়। শিবিরের ধর্মঘট আহবান সত্ত্বেও বৃহস্পতিবার ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের যানবাহন (বাস) চলাচল এবং সকল বিভাগের ক্লাশ-পরীক্ষা স্বাভাবিক রাখা হবে।’ এছাড়া প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘শুনেছি শিবির ধর্মঘট ডেকেছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’ রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘রাবিতে যেভাবেই হোক জঙ্গিবাদী শিবিরের ধর্মঘট প্রতিহত করা হবে।’ এ জন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ছাত্রশিবিরের রাবি শাখার শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা বলেন, ‘বৃহস্পতিবার রাবিতে সর্বাত্মক ধর্মঘট পালিত হবে। কোনো বিভাগেই ক্লাশ-পরীক্ষা নিতে দেয়া হবে না।