গতকাল বুধবার সকালে টঙ্গী গাজীপুরা এলাকায় টিফিনের আলাদা ভাতা, হাজিরা বোনাস ও লিফটের দাবিতে হোপলোন এ্যাপারেল নামে তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। ভাংচুর ও নাশকতা এড়াতে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
গাজীপুর শিল্প পুলিশের এএসপি এসএ খালেক ও কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, হোপলোন পোশাক কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের টিফিনের টাকা মূল বেতনের সাথে পরিশোধ করে আসছেন। কিন্তু তা কত টাকা হারে দিচ্ছেন শ্রমিকরা জানে না। এছাড়া ১০তলা বিশিষ্ট কারখানায় ৪টি লিফট থাকলেও শ্রমিকদের জন্য নির্দিষ্ট কোন লিফট নেই। ভবনের ৪টি লিফটই বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা ব্যবহার করেন। সিঁড়ি বেয়ে ১০তলা পর্যন্ত উঠতে শ্রমিকদের খুবই কষ্ট করতে হয়। তারপর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়। তার উপর পিপাসার সময় পানি পান করার ব্যাপারে শ্রমিকদের উপর কড়াকড়ি আইন প্রয়োগে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল ৮টা থেকে কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা টিফিনের আলাদা টাকা ও হাজিরা বোনাস দাবি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে টঙ্গী থানা ও গাজীপুর শিল্প পুলিশের প্রায় ৩ প্লাটুন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বেলা সাড়ে ১২টা থেকে কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঘরে ফিরে যায়।
