ফতুল্লায় দগ্ধ ৬ জনের ২ জন মারা গেলেন

আপডেট : ২৫ জুন ২০১৪, ২২:১০
নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়ইভোগে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে দুইজন দাদা-নাতনির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। তারা হলেন আজিজার রহমান (৬০) ও তার নাতনি মাহমুদা আক্তার (৭)। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বার্ন ইউনিটের চিকিত্সকরা জানান, গতকাল বুধবার বেলা দেড়টার দিকে আজিজারের মৃত্যু হয়। উল্লেখ্য, গত ২১ জুন ভোর পাঁচটায় ফতুল্লার বাড়ইভোগ এলাকার বাসিন্দা আজিজারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আজিজার, তার স্ত্রী তবিরন বেগম, দুই মেয়ে তানিয়া ও তন্বী, ছেলে তকিনূর ও নাতনি মাহমুদা দগ্ধ হন।