সবার চোখ মেসির দিকে

আপডেট : ২৫ জুন ২০১৪, ২২:১২
সবার চোখ লিওনেল মেসির উপর। গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-নাইজেরিয়া খেলার প্রাক্কালে মেসিই ছিলেন সবচাইতে আলোচিত ফুটবলার। আর্জেন্টিনা আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও এই ম্যাচটি নির্ধারণ করে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন। মেসির গোল ও অনুপ্রেরণাতেই আর্জেন্টিনা আগের দুটি খেলায় জয়ী হয়। পোর্তো অ্যালেগ্রেতে অনুষ্ঠিত খেলাটির ফল এতক্ষণে পাঠকের জানা হয়ে গেছে। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলে তাদের পক্ষে আরেক সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে এড়ানো সম্ভব হবে। তবে ফল যাই হোক আর্জেন্টিনারই সাবেক জাতীয় দল সদস্য জেভিয়ার জানেত্তির বিশ্বাস, বার্সেলোনা তারকা মেসি ইতোমধ্যে পরিপক্ক হয়েছেন। শুধু তাই নয় ১৯৯৩ সালের কোপা আমেরিকার পর কোচ আলেসান্দ্রো সাবেলার দলকে প্রথমবারের মত বড় কোন শিরোপা এনে দিতে সক্ষম তিনি। জানেত্তির মতে, এ বারের বিশ্বকাপ দেখে মনে হচ্ছে এটা হতে যাচ্ছে মেসির। যদিও আন্তর্জাতিক ফুটবলে ভাল করতে না পেরে সমালোচিত হচ্ছিলেন এই তারকা। কিন্তু সাবেলা দায়িত্ব নেয়ার পর এ খেলাটির আগ পর্যন্ত ২২টি আন্তর্জাতিক ম্যাচে মেসি সমানসংখ্যক গোল করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হারজেগোবিনা এবং এরপর ইরানের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোল দু’টি মেসির। এ কারণেই জানেত্তির মত হলো মেসির পক্ষে দেশের জন্য বড় কোন শিরোপা আনা সম্ভব। লা গাজেট্টা ডেলো স্পোটর্সকে জানেত্তি বলেন, ‘দেখে মনে হচ্ছে-এটা লিও’র বিশ্বকাপ। এবং আমি সেটাই আশা করছি। দলের প্রয়োজনে যথা সময়েই সে দলের দায়িত্ব কাঁধে নিয়েছে। সেটা কিভাবে করতে হয় একমাত্র সুপার চ্যাম্পিয়ন মেসিই জানেন। বর্তমান দলটির যথার্থ নেতা সে।’ তিনি আরো বলেন, ‘২০০৬ এবং ২০১০ বিশ্বকাপেও আমরা জানতাম তার অসাধারণ মেধা ছিল। কিন্তু তখন সে ছিল বয়সে তরুণ এবং তার পরিপক্কতার অভাব ছিল। গত তিন চার বছরে তার যথেষ্ট উন্নতি হয়েছে এবং এখন অধিনায়ক। নিচ্ছেন অধিকতর দায়িত্ব। এটা হতে পারে তার বিশ্বকাপ।’ আজকের খেলা ‘জি’ গ্রূপ পর্তুগাল-ঘানা, রাত ১০.০০ আমেরিকা-জার্মানি, রাত ১০.০০ ‘এইচ’ গ্রুপ আলজেরিয়া-রাশিয়া, রাত ২.০০ বেলজিয়াম-কোরিয়া, রাত ২.০০