নারায়ণগঞ্জে ভোট আজ

আপডেট : ২৫ জুন ২০১৪, ২২:১২
নারায়ণগঞ্জ-৫ আসনের বহুল আলোচিত উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে শহর ও বন্দর। নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থাই নিয়েছি। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে বলেই আশা করি। নারায়ণগঞ্জে আলোচিত সাত হত্যাকাণ্ডের পর এ উপ-নির্বাচন নিয়ে দেশব্যাপী চলছে আলোচনা। তবে নির্বাচনকে ঘিরে চলছে ভোটার ও প্রার্থীদের মধ্যে বহুমুখী উত্তেজনা। কেন্দ্রে কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপার গতকাল বুধবার সন্ধ্যার মধ্যেই পৌঁছেছে। উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র্যাব, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার নিয়োজিত থাকবে। থাকছে ২১ জন ম্যাজিস্ট্রেট। বেশির ভাগ ভোটকেন্দ্রেই থাকবে মেটাল ডিটেক্টর। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ ভোটকেন্দ্রের প্রতিটিতে চারজন অস্ত্রধারী পুলিশসহ ১৯ জন ও ৯৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের প্রতিটিতে পাঁচজন অস্ত্রধারী পুলিশসহ ২০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। এছাড়া ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তা ছাড়ামোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। মোট ৩ লাখ ৪২ হাজার ৪শ’ ৫৭ জন ভোটারের জন্য ১৪১টি ভোট কেন্দ্র করা হয়েছে। এই সকল কেন্দ্রে বুথের সংখ্যা ৬৭৪টি। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩১১ ও মহিলা ভোটার ১ লাখ ৬৮ হাজার ০৯৪ জন। নারায়ণগঞ্জ-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, গোয়েন্দা সংস্থাগুলো দুই ধরনের ভোটকেন্দ্রের তালিকা তৈরি করেছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। এতে গুরুত্বপূর্ণ ৯৮টি ও সাধারণ ৪৩টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সে জন্য আগে থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা হবে। পাশাপাশি বাড়তি নিরাপত্তাও নিশ্চিত করা হবে। পুলিশ সুপার খন্দকার মহিত উদ্দিন জানান, ইতিমধ্যে অননুমোদিত যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. আনিসুর রহমান মিয়া জানান, কেউ কোন অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাত্ক্ষণিক বিচার হবে। নির্বাচনে প্রার্থী যারা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব সেলিম ওসমান (লাঙল), কৃষক-শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম (গামছা), স্বতন্ত্রএস এম আকরাম (আনারস) ও মামুন সিরাজুল মজিদ (চিংড়ি মাছ)। গত ২৯ এপ্রিল এই আসনের এমপি নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হলে আওয়ামী লীগ আসনটিতে কোন প্রার্থী না দিয়ে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা : র্যাব গতকাল ১১টায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সম্মেলন করে র্যাব। এসময় র্যাবের মিডিয়া উইংয়ের উইং কমান্ডার হাবিবুর রহমান, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান জানান, উপ-নির্বাচনে র্যাব তাদের সর্বোচ্চ প্রযুক্তি ও দক্ষতা প্রমাণ করবে। এজন্য র্যাব কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। র্যাবের ১ হাজার সদস্য মোতায়েন থাকবে এবং এর পাশাপাশি র্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, উপ-নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোন কেন্দ্র বা কোন এলাকার তথ্য আদান প্রদানের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন (মোবাইল নম্বর ০১৭৭৭৭১১১০০)।