বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন ভয়াবহ দুঃশাসন চলছে। মানুষ আদালতের কাছেও কোনো ন্যায় বিচার পাচ্ছে না। সরকার স্বীয় স্বার্থে আদালতকে ব্যবহার করছে। এদেশে এখন বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। শুধু তাই নয়, এ বছরের শুরুর দিকে বর্তমান সরকার চরম দমননীতি অবলম্বন করে ব্যাপক গণহত্যা চালিয়েছে। সাংবাদিক হত্যা এবং অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুরভাবে নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেয়ার জন্য একের পর এক সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দেয়া হয়েছে; যাতে বিরোধীদের কণ্ঠ শোনা না যায়।
খালেদা জিয়া আরও বলেন, আমি জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। মানবিকতাবোধে উদ্বুদ্ধ বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই নিষ্ঠুর নির্যাতনকারী মহল ও স্বৈরশাসককে পরাস্ত করা সম্ভব বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
