চান্দিনায় নূর হোসেনের গাড়িচালক আটক

আপডেট : ২৫ জুন ২০১৪, ২২:১৫
নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার অন্যতম আসামি নূর হোসেনের ব্যক্তিগত গাড়ি চালক যোবায়ের হোসেন যবেদকে (৩০) জেলার চান্দিনা থেকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। তার শ্বশুরবাড়ি চান্দিনা পৌরসভার বেলাশহর এলাকা থেকে গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। যোবায়ের হোসেন যবেদ জেলার তিতাস উপজেলার আসমানিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা ডিবি ওসি মামুন রশীদ মন্ডল গতকাল বুধবার বিকালে তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। চান্দিনা থানার ওসি গোলাম মোর্সেদ জানান, যোবায়ের হোসেন প্রায় ৮ বছর আগে চান্দিনা বেলাশহর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রোকসানা আক্তারকে বিয়ে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নারায়ণগঞ্জে ৭ খুনের পর নূর হোসেন ভারতে পালিয়ে যাওয়ায় গাড়ি চালক যোবায়ের হোসেন নারায়ণগঞ্জের ভাড়া বাসা ছেড়ে তার শ্বশুরবাড়ি চান্দিনার বেলাশহরে আত্মগোপন করেন। ওসি আরো জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করার পর গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত অনেক যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হয়ে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা ডিবির ওসি মামুনকে বিষয়টি অবহিত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা ডিবি ওসি মামুন রশীদ মন্ডল বলেন, তিনি মামলার এজহারভুক্ত আসামি নন। কিন্তু তদন্তের প্রয়োজনে তাকে আটক করা হয়েছে।