চট্টগ্রামে লালখান বাজার মাদ্রাসা থেকে এসিড উদ্ধারের মামলায় হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে মুফতি হারুন বিন ইজহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠিত হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালত এ নির্দেশ দেয়।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর বেলা ১১টায় নগরীর লালখান বাজার এলাকায় হেফাজত নেতা মুফতি ইজহার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজন পরে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। পুলিশ ওই কক্ষ তল্লাশি করে চারটি তাজা গ্রেনেডসহ গ্রেনেড তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে। রাতে মুফতি ইজহারের বাসায় তল্লাশি করে ১৮ বোতল এসিড পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরণ ও এসিড আইনে তিনটি পৃথক মামলা দায়ের করে। মুফতি ইজহার পলাতক রয়েছেন। তবে তার ছেলে হারুন ইজহার কারাগারে রয়েছেন।
